শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬
ভদ্রা-মেহেরচণ্ডী সংযোগ সড়কে বেহাল দশা

জলাবদ্ধতা ও নিত্যদিনের দুর্ঘটনায় চরম দুর্ভোগ

আইকন
নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
জলাবদ্ধতা ও নিত্যদিনের দুর্ঘটনায় চরম দুর্ভোগ

রাজশাহী নগরীর ভদ্রা মোড় থেকে মেহেরচণ্ডী ফ্লাইওভার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এই সড়কে যানবাহনের চাপ বাড়লেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ভাঙন। ফলে প্রতিনিয়ত বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি।


আজ ১২ জুন (শুক্রবার) সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মালবাহী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি একদিকে যেমন সরু, অন্যদিকে বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়কের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় কৃত্রিম জলাবদ্ধতা। পানির নিচে গর্ত লুকিয়ে থাকায় চালকেরা তা দেখতে পান না, ফলে রিকশা বা ইজিবাইক উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


এই জনদুর্ভোগের বিষয়ে স্থানীয়রা গণমাধ্যম 'সওটি নিউজ রাজশাহী-কে জানান, "বহুদিন ধরে আমরা সড়কটি সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা আর ডোবার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা অবিলম্বে এই রাস্তার সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন চাই।"


এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা না হলে সামনে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে এই বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।