শুক্রবার , ১৯ জুন ২০২৬
 শুক্রবার , ১৯ জুন ২০২৬

সোনার সঙ্গে রুপার দামও বাড়ল, মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর

আইকন
২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সোনার সঙ্গে রুপার দামও বাড়ল, মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সংগঠনটির তথ্য অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম ২ লাখ ৩৮ হাজার টাকা ছাড়িয়েছে, যা বাজুসের ঘোষিত দরের হিসেবে নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দর মঙ্গলবার ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারের দামের প্রসঙ্গে স্বর্ণের আন্তর্জাতিক দর ট্র্যাক করা একটি ওয়েবসাইটে জানুয়ারির শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫৯৫ ডলারের বেশি ছিল বলে দেখা যায়।