শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬

শিবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

আইকন
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। ৩০ জানুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের একটি লিচু বাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়।


তল্লাশি চালিয়ে ওই ব্যাগ দুটি থেকে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। এছাড়া ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ৮৫৫ গ্রাম কাঁচের গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।


র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জনস্বার্থে র‍্যাবের এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।