শনিবার , ১৩ জুন ২০২৬
 শনিবার , ১৩ জুন ২০২৬

পাবনায় জামায়াত কর্মীদের হুমকি দেওয়া সেই কৃষক দল নেতা বহিষ্কৃত

আইকন
পাবনা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পাবনায় জামায়াত কর্মীদের হুমকি দেওয়া সেই কৃষক দল নেতা বহিষ্কৃত

জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি।



গত শনিবার (৩১ জানুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় মক্কেল মৃধা এ  হুমকি দেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 


ভিডিওতে মক্কেল মৃধা বলেন, ‘আমার বাড়ির যতো খুনতা, নিড়ীন, কুড়িল, সব পাতিল, হাঁড়ি, সব এই জামায়াত লুট করে নিয়েছে। এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াতকে যারা ভোট দেবে তাদের রাতের অন্ধকারে নয়, আমি দিনের বেলায় তাদের রগ কাটবো, কোনো জামায়াত যদি সেন্টারে আসে। আমি বলতে চাই- জামায়াত আসবে না। আওয়ামী লীগ আমার ভাই, ধানের শীষে ভোট চাই।’




এ বিষয়ে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। 


তবে এ বিষয়ে পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি। আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবে।



উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে জামায়াতের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি। এছাড়াও ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযোগ রয়েছে মক্কেল মৃধার বিরুদ্ধে।